পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ফের ইরানে হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ

পাকিস্তানের ইসলামাবাদে আসন্ন আলোচনা ব্যর্থ হলে আবার ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে আঘাত হানার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোতে এরই মধ্যে অস্ত্রশস্ত্র তোলা হচ্ছে বলে জানান তিনি। ‘দ্য নিউইয়র্ক পোস্ট’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন।

তিনি বলেন, “আমাদের নতুন করে শুরুর কাজ চলছে। আমরা জাহাজে এ পর্যন্ত আমাদের তৈরি করা শ্রেষ্ঠ অস্ত্র ও গোলাবারুদ তুলছি।

“আগে আমরা যা করেছিলাম, তার চেয়ে আরও বেশিকিছু করা হবে। আগের হামলায় আমরা তাদেরকে (ইরান) উড়িয়ে দিয়েছিলাম।”

“আর ইসলামাবাদে যদি একটি চুক্তি না হয়, তবে আমাদের শেষ্ঠ অস্ত্রশস্ত্রগুলো আমরা অতি কার্যকরভাবে ব্যবহার করব”, বলেন ট্রাম্প।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতা এবং চীনের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান।

যুদ্ধবিরতির শর্ত এবং মেয়াদ চূড়ান্ত করতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দু’পক্ষের বৈঠক হওয়ার কথা।

তার আগে দুইটি গুরুত্বপূর্ণ শর্ত বাস্তবায়নের দাবি জানিয়েছে ইরান। এর একটি হল, লেবাননে যুদ্ধবিরতি করা এবং অন্যটি ইরানের জব্দ হওয়া সম্পদের ছাড়।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সতর্ক করে দিয়ে বলেছেন, এই দুই শর্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনা শুরু হবে না।

ইরানের এমন দৃঢ় অবস্থানের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দেশটিতে আবার হামলা চালানোর ওই কড়া হুঁশিয়ারি দিলেন।

সূত্র: আল–জাজিরা

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh