সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় নেওয়া হয়েছে। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার বেলা ৩টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে মন্ত্রীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয় বলে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানিয়েছেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, দুই দিনের সফরে লালমনিরহাট যেতে এদিন সকাল সোয়া ৮টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান আসাদুল হাবিব দুলু।

বিমান থেকে নেমে বিমানবন্দরের রেস্টরুমে বসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন তিনি। এ সময় হঠাৎ মাথা ঘুরে অস্বস্তি ও অসুস্থতা বোধ করেন মন্ত্রী। পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার এক ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুরে দুলুকে দেখতে যান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। পরে নেতাকর্মীদের পরামর্শে মন্ত্রীকে দুপুর ১২টা ১০ মিনিটের বিমানে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

তবে মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় বিমানে যেতে পারেননি। পরে বেলা ৩টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে ত্রাণমন্ত্রীর সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন ছিলেন। বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালের আসাদুল হাবিব দুলুর চিকিৎসার চলছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh