সব
বিনোদন ডেস্ক ::,
জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এর নতুন পর্বে হাজির হন। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় বিশেষ এ পর্বে বিপাশা তার ব্যক্তিগত ও ক্যারিয়ার বিষয় নিয়ে মুখ খুলেছেন।
অনুষ্ঠানের অন্যতম আলোচনার বিষয় হয়ে ওঠে অভিনেত্রী জয়া আহসান-এর সঙ্গে বিপাশা হায়াত-এর সৌন্দর্য তুলনা। সাধারণ মানুষের মধ্যে এমন তুলনার প্রবণতা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন বিপাশা।
তিনি বলেন, “এই বিষয়টিকে একাধিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়। একদিকে যেমন মানুষের সময় ও শক্তির অপচয় হচ্ছে, তেমনি এটাও সত্য যে দর্শকরা তাদের পছন্দ করেন বলেই এমন আলোচনা করেন। সেই জায়গা থেকে তাদের মত প্রকাশের অধিকারও রয়েছে।”
তবে বিপাশার দৃষ্টিতে, সামাজিক মাধ্যমে এসব তুলনামূলক মন্তব্য করতে গিয়ে মানুষ মূল্যবান সময় নষ্ট করছে—যা আরও ফলপ্রসূ কাজে ব্যবহার করা যেত। তার মতে, সেই সময়টুকু কেউ বই পড়া, লেখালেখি করা কিংবা নিজের দক্ষতা উন্নয়নে কাজে লাগাতে পারত। এতে ব্যক্তি যেমন উপকৃত হতো, তেমনি সামগ্রিকভাবে সমাজও এগিয়ে যেত।
সবশেষে তিনি সবাইকে ইতিবাচক কাজে যুক্ত হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অভিনয়ে ফেরার প্রসঙ্গে বিপাশা হায়াত পরিষ্কার করে জানান, “আমি অভিনয় থেকে সরে যাইনি। বরং এখন আমি এমন চরিত্রে কাজ করতে আগ্রহী, যেখানে অভিনয়ের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নিজেকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে।”