সব
স্বদেশ বিদেশ ডট কম

স্ত্রী ‘চা দিতে দেরি করায়’ এক ব্যক্তি তার দুই মাস বয়সি শিশুকে বিছানা থেকে আছাড় মেরে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর থেকে ওসমান গণি (২৮) নামের ওই ব্যক্তি পলাতক রয়েছেন। শিশুটির চাচা মো. রুম্মানকে (২৫) আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, “সকালে দুই মাস বয়সি শিশুটিকে নিয়ে তার মা খাটে বসে ছিলেন। এসময় শিশুটির বাবা ওসমান গণি তাকে ও তার ভাইকে চা দিতে স্ত্রীকে বলেন।
“চা দিতে দেরি করায় ওসমান গণি ক্ষিপ্ত হয়ে শিশুটিকে খাট থেকে নিয়ে দুই বার মাটিতে আছাড় দেয়।”
পরিবারের সদস্যরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আজিজ।
এ ঘটনার পরপর শিশুটির বাবা ওসমান গণি পালিয়ে গেছেন জানিয়ে তিনি বলেন, “প্রতিবেশীদের ভাষ্য, রুম্মান তার ভাইকে মাইক্রোবাসে করে নিয়ে কোথাও রেখে বাড়িতে আসেন। ওসমানের খোঁজ পেতে রুম্মানকে আটক করা হয়েছে।”
এর আগে গত ৭ এপ্রিল নগরীর বাকলিয়া এলাকায় এক ব্যক্তি তার স্ত্রীকে মারধরের করছিলেন। তখন দুই বছর বয়সি সন্তান মাকে জড়িয়ে ধরলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার সময় খাটের সঙ্গে ধাক্কা লাগে। ওই ঘটনায় গুরতর আহত হয়ে মারা যায় শিশুটি।