দেশে প্রথমবার রেফারেন্স সুদহার প্রকাশ, বিওএফআর ১০.৪২%

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ

দেশের আর্থিক খাতে সুদহার কত চলছে, তার একটি ধারণা দিতে প্রণয়ণ করা লেনদেনভিত্তিক রেফারেন্স রেট প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তাতে দেখা যাচ্ছে, বুধবার একদিনের জন্য ‘বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট’ (বিওএফআর) হচ্ছে ১০ দশমিক ৪২ শতাংশ। আর ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ (ডিওএমএমআর) হচ্ছে এক দিনের ১০ দশমিক ০৯ শতাংশ।

আর্থিক খাতের সুদহারের মানদণ্ড হিসেবে বুধবারই প্রথম ‘রেফারেন্স রেট’ প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক। আগের দিনের লেনদেনের সুদহার কেমন ছিল তা জানাতে দৈনিক ভিত্তিতে এ দুটি সূচক প্রকাশ করে যাবে কেন্দ্রীয় ব্যাংক।

আগের দিন ৩ হাজার ৪২৩ কোটি ১৪ লাখ টাকা ধার নিতে ৩২টি লেনদেনের গড় সুদহার পর্যালোচনা করে বুধবারের বিওএফআর ১০ দশমিক ৪২ শতাংশ ঠিক করা হয়েছে।

এক সপ্তাহের জন্য এই হার হচ্ছে ১০ দশমিক ৬২ শতাংশ। আগের ২০টি লেনদেনের ১০ হাজার ৫৪ কোটি টাকার ঋণ সুদহারের গড় বিবেচনায় নিয়ে ঠিক করা হয়েছে এই হার।

আর ঢাকায় আগের দিনের ৪৫টি লেনদেনে ২ হাজার ২৩৬ কোটি টাকার ঋণ তথ্য পর্যালোচনা করে এক দিনের ডিওএমএমআর ঠিক করা হয়েছে ১০ দশমিক শূন্য ৯ শতাংশ।

এছাড়া ৪২টি লেনদেনে যাওয়া ২ হাজার ৬৩৮ কোটি ৮৬ লাখ টাকার ঋণের সুদহার পর্যালোচনা করে এক সপ্তাহের জন্য ডিওএমএমআর দাঁড়িয়েছে ১০ দশমিক ১৪ শতাংশ।

৫টি লেনদেনে যাওয়া ২৫০ কোটি টাকার ঋণ তথ্য বিবেচনায় নিয়ে এক মাসের জন্য ডিওএমএমআর হচ্ছে ১০ দশমিক ৭৮ শতাংশ।

আর ৭টি লেনদেনে নেওয়া ১৮০ কোটি টাকার ঋণের সুদহারে তিন মাসের ডিওএমএমআর হচ্ছে ১০ দশমিক ৪২ শতাংশ।

গত সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ সম্মেলন বলা হয়, বন্ড, ‘ফ্লোটিং রেটের’ পণ্য ও বিভিন্ন আর্থিক চুক্তিতে সুদহার কত হতে পারে, তার একটি ধারণা সূচক (প্রাইস ইন্ডিকেটর) হিসেবে এই ‘রেফারেন্স রেট’ কাজ করবে।

বাজারভিত্তিক ঋণ সুদহার র্নিধারণে আন্তর্জাতিকভাবে এসওএফআর বা সোফার রেট ব্যবহার হয়। এখন কেন্দ্রীয় ব্যাংকও দৈনিক দুটি রেফারেন্স রেট ‘বিওএফআর’ ও ‘ডিওএমএমআর’ প্রকাশ করবে।

এর মাধ্যমে সুদহারের নিজস্ব রেফারেন্স রেট থাকা দেশের তালিকায় যুক্ত হবে বাংলাদেশ।

দুটি রেফারেন্স রেটের মধ্যে বিওএফআর ঝুঁকিমুক্ত। আগের দিনে ব্যাংকগুলোর মধ্যে আন্তঃব্যাংক রেপো (সিকিউরড) অর্থাৎ শতভাগ জামানতের বিপরীতে ব্যাংকের দেওয়া স্বল্প মেয়াদী ঋণের সুদহারের গড় তথ্যর আলোকে তৈরি করা হবে বিওএফআর।

অন্যদিকে আগের দিনের আন্তঃব্যাংক মানি মার্কেটে ‘আনসিকিউরড’ লেনদেন হিসাব করে ডিওএমএমআর প্রকাশ করা হবে। জামানত ছাড়া ব্যাংকগুলোর মধ্যে যে লেনদেন হবে, তার ভিত্তিতে এই রেফারেন্স রেট প্রকাশ করা হবে।

এ রেফারেন্স সুদহারের সঙ্গে যোগ বা বিয়োগ করেও ঋণ সুদহার নির্ধারণ করা যাবে। তবে রেফারেন্স রেটের চেয়ে ‘অস্বাভাবিক’ কম বা বেশি সুদহার নির্ধারণ কিংবা বাজারভিত্তিক সুদহারকে ‘ম্যানিপুলেট’ (প্রভাবিত) করলে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করবে।

প্রথমদিকে একদিনের এবং পরে এক সপ্তাহ, এক মাস ও তিন মাস মেয়াদী ডিওএমএমআর প্রকাশ করা হবে।

রেফারেন্স রেট প্রকাশের মাধ্যমে দেশের আর্থিক বাজারের ঋণ সুদহার সম্পর্কে দৈনিক তথ্য পাওয়া যাবে। তাতে বিদেশি বিনিয়োগকারীরা আর্থিক বাজার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

গত জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে রেফারেন্স রেট নির্ধারণ ও ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করার পর চূড়ান্তভাবে রেফারেন্স রেট প্রকাশ করা হল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh