টরন্টোতে জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ১৭ মে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ

কানাডার টরন্টোতে বসবাসরত বৃহত্তর সিলেটি কমিউনিটির অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো-এর নির্বাচন আগামী ১৭ মে ২০২৬ অনুষ্ঠিত হবে। তিন বছর মেয়াদি নতুন নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে এ নির্বাচনকে ঘিরে কমিউনিটিতে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

গত শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) টরন্টোর ডেনফোর্থ এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে নির্বাচন উপলক্ষে তিনটি প্যানেল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষে মনোনয়ন গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার আজফর আহমদ সৈয়দ এবং সহকারী নির্বাচন কমিশনারবৃন্দ—লায়েক চৌধুরী, জামশেদ মিশকাত চৌধুরী, এমাদ হোসেন ও শ্রী শনকু পুরকায়স্থ।

এ সময় উপস্থিত ছিলেন লন্ডন থেকে কানাডা সফররত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, কমিউনিটি ব্যক্তিত্ব জামাল হোসেন, শিক্ষাবিদ মোক্তার হোসেন বাহার, ইকবাল হোসেন, লক্ষ্মীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফাহিম চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।

নির্বাচন কমিশন এ সময় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। গঠনতন্ত্রের ১৬ নং অনুচ্ছেদ অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়, যা নির্বাচন পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করছে।

কমিউনিটির একাধিক সদস্য জানান, এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাইয়ের বিষয় নয়; এটি প্রবাসী সিলেটিদের ঐক্য, মর্যাদা ও প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দীর্ঘদিন ধরে সংগঠনটি টরন্টোসহ উত্তর আমেরিকায় সিলেটি কমিউনিটির পরিচয়, সংস্কৃতি ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তারা আরও বলেন, “এখন সময় যোগ্য, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার, যারা ভবিষ্যতে কমিউনিটিকে আরও এগিয়ে নিতে সক্ষম হবে।”

উল্লেখ্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো একটি স্বীকৃত চ্যারিটি সংগঠন হিসেবে পরিচিত এবং এর রয়েছে গৌরবময় ইতিহাস ও উল্লেখযোগ্য অর্জন। নতুন নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে পুরো কমিউনিটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh