চবির ফরেস্ট্রি এলাকায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ মে ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (২০ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এস এম ফয়সাল হাসান ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী বৃহস্পতিবার বলেন, গতকাল আমি আমার স্ত্রীকে নিয়ে ফরেস্ট্রি এলাকার একটি স্থানে বসেছিলাম। এ সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তি আমাদের দিকে বারবার উঁকিঝুঁকি দিচ্ছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় আমি তাদের একজনকে ডেকে জিজ্ঞাসা করি। তখন সে গরু খোঁজার কথা বলে বাজে ব্যবহার করতে থাকে।

ফয়সাল বলেন, পরে আমি মাস্টারদা সূর্যসেন হলের ভিপি ও কয়েকজন শিক্ষার্থীকে ফোন দিই। কিছুক্ষণ কথা কাটাকাটির একপর্যায়ে ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করে। সন্দেহ হওয়ায় আমি তাকে ধরে ফেলি। তখন সে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে। এতে আমার ডান হাতের পেশী, আঙুলের মাঝখানসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আহত শিক্ষার্থী বলেন, হামলাকারী গলার দিকেও আঘাতের চেষ্টা করেছিল, যা আমি হাত দিয়ে ঠেকাই। পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে সে পাশের গ্রামমুখী পথে পালিয়ে যায়। পালানোর সময় একটি জুতা ফেলে যায়, যা আমরা আলামত হিসেবে রেখে দিয়েছি। হামলায় সরাসরি একজন অংশ নিলেও এর আগে সেখানে দুজনকে ঘোরাফেরা করতে দেখেছিলাম।

মাস্টারদা সূর্যসেন হল সংসদের জিএস সাদমান আল-তাছিন বলেন, ঘটনাস্থলটি অন্ধকার এবং সেখানে কোনো নিরাপত্তাকর্মী, সিসিটিভি ক্যামেরা কিংবা পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, বুধবার রাতে এক শিক্ষার্থী এসেছিলেন। তার ডান হাতে কনুইয়ের উপর ছুরির আঘাত ছিল। সেটি একটু গভীর হওয়ার কারণে একটা সেলাই দেওয়া হয়েছিল। আর তার দুই হাতের আঙুলগুলোতে ছুরির কয়েকটা ক্ষত ছিল।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার কারণে তখন বিস্তারিত জানা সম্ভব হয়নি। আজ তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হবে।

অভিযুক্তকে এখনো শনাক্ত করা যায়নি, তবে শিক্ষার্থীর বক্তব্যের ভিত্তিতে তাকে শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে হামলাকারী বহিরাগত বলে ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh