ভোরের বৃষ্টিতে বিপর্যস্ত নগরজীবন, সড়কে হাঁটু থেকে কোমর পানি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ

শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাজধানীতে টানা বৃষ্টি হয়। ভোরের পর শুরু হয় মুষলধারে বর্ষণ, যা সকাল সাতটা পর্যন্ত অব্যাহত থাকে। এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

সকাল সাড়ে ৬টার পর রাজধানীর গ্রিনরোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়।

শেওড়াপাড়া ওয়াসা রোডেও হাঁটুপানি জমে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, বৃষ্টির পানিতে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শেওড়াপাড়া শাখা-৩–এর সামনের প্রধান সড়ক ও আশপাশের অলিগলি পানিতে তলিয়ে যায়। প্রতিষ্ঠানটিতে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। এমন পরিস্থিতিতে সকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানো নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দিনের পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানান। পরে কর্তৃপক্ষ শেওড়াপাড়া শাখা-৩–এর সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

ভারী বৃষ্টির কারণে রাজধানীর কারওয়ান বাজার এলাকাতেও সড়কে পানি জমে যায়।

সকালে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ভোগে পড়েন সাংবাদিক অনিন্দ্য সাইমুম। তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে আদাবর থেকে রওনা দেওয়ার পর মোহাম্মদপুর থানার সামনে, ধানমন্ডি ২৭ নম্বর এবং ধানমন্ডি ৩২–এর পেছনের সড়কে প্রায় হাঁটুপানি দেখতে পান। সেই পানি পার হয়ে এবং বৃষ্টিতে ভিজেই তিনি কর্মস্থলে পৌঁছান।

একইভাবে কলাবাগান থেকে কারওয়ান বাজারে কর্মস্থলে যাওয়ার পথে ভোগান্তির শিকার হন আরেক সংবাদকর্মী শারমিন চৌধুরী। তিনি জানান, গ্রিনরোড ও পান্থপথে হাঁটুপানি জমেছিল। এছাড়া কলাবাগানের ভেতরের সড়কগুলোতেও হাঁটুপানি জমে থাকতে দেখা গেছে।

সূত্র: প্রথম আলো

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh