লন্ডনে জাতীয় সংসদের চীপ হুইপ নূরুল ইসলাম মনি ও এমপি কয়ছর এম আহমদের সাথে বিবিসিসিআই এর মতবিনিময়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ৬:০০ অপরাহ্ণ

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর সম্মেলন কক্ষে লন্ডন সফররত বাংলাদেশের জাতীয় সংসদের চীপ হুইপ নূরুল ইসলাম মনি ও সুনামগঞ্জ ৩ আসনের এমপি কয়ছর এম আহমদের সাথে আজ সন্ধ্যায় বিবিসিসিআই নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিবিসিসিআই এর প্রেসিডেন্ট মুহিব চৌধুরীর সভাপতিত্বে চেম্বারের ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ সভা পরিচালনা করেন। সভায় চেম্বারের সদস‍্য ছাড়াও সিনিয়র ডাইরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন বিবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মাতাব চৌধুরী , বশির আহমদ, এম এম নূর, মঈন উদ্দিন, মনির আহমেদ, ডেপুটি ডিজি এম এ মুমিন, শফিকুল ইসলাম , ইন্টার ন্যাশনাল ডাইরেক্টর গোলাম কিবরিয়া ওয়েছ, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল চৌধুরী, জুনেদ চৌধুরী সহ বিবিসিসিআই লন্ডন রিজিওনের সদস‍্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদের চীপ হুইপ নূরুল ইসলাম মনি তার বক্তব্যে বাংলাদেশ সরকার এবং যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন । সভায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় সেই সাথে তিনি বর্তমান সরকারে বিনিয়োগ বান্ধব নানা বিষয়ে আলোকপাত করেন।

যুক্তরাজ্য থেকে বাংলাদেশের রাজনীতিতে অভিষিক্ত নব নির্বাচিত এপি কয়ছর এম আহমদ নিজেকে জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে বিবিসিসিআই-এর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। তিনি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সমাজের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রধান মন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় চেম্বার নেতৃবৃন্দ উভয় দেশের অর্থনীতিতে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরে এবং বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

মতবিনিময় শেষে বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট মুহিব চৌধুরী ও ডিরেক্টর জেনারেল মুসলেহ আহমেদ বলেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সবসময় যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছে। জাতীয় সংসদের চীপ হুইপ ও সংসদ সদস্যের আন্তরিকতা ও গঠনমূলক মতবিনিময়ের জন্য আমরা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। উভয় দেশের পারস্পরিক স্বার্থে বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন এবং ব্যবসায়িক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করছি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh