ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২ আগস্ট ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বৃহৎ সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তার দাবি, সম্ভাব্য একটি সমঝোতার ‘রূপরেখা’ চূড়ান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে তিনি হামলা স্থগিত করেছেন। তবে তিনি শর্ত দিয়েছেন, সমঝোতাটি দ্রুত চূড়ান্ত করতে হবে। খবর আল জাজিরার।

ট্রাম্পের ভাষ্য, সম্ভাব্য এই চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি সম্পূর্ণ ও তাৎক্ষণিকভাবে উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।

এর আগে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে।

তবে ট্রাম্পের ঘোষণার পরও তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের ওপর নতুন হামলা চালায়, তাহলে তার ‘সমানুপাতিক জবাব’ দেওয়া হবে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে সম্ভাব্য হামলা বাতিল করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার ট্রাম্প ইরানকে লক্ষ্য করে ‘খুব কঠোর’ হামলার হুমকি দিয়েছিলেন।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অঞ্চলটির ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে অঞ্চল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh