কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ

যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টায় কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. মালিকের সঞ্চালনায় সভায় কার্ডিফ, নিউপোর্ট, সোয়ানসি ও পটলবাট থেকে আসা নেতাকর্মীরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলন, ছয় দফা, শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, ১৫ আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্টসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদ ও আত্মত্যাগীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বলেন, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। আওয়ামী লীগ, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাঙালি জাতি যতদিন থাকবে, বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন।

ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. মালিকসহ অন্যান্য বক্তারা দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, জাতীয় বীর ও মুক্তিযুদ্ধের স্মারকের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার কোনো চেষ্টা সফল হবে না। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না এবং বঙ্গবন্ধু বাঙালির ইতিহাস ও অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছেন।

সভায় গোলাম মর্তুজা, শেখ মোহাম্মদ আনোয়ার, আবুল কালাম মুমিন, আনোয়ার আলী, ডা. মো. ইরফান উদ্দিন, আব্দুর রউফ, জহির আলী, জুয়েল মিয়া, সাজেল আহমেদ, ইমরান মিয়া, সোয়ানুর রহমান, ইফতেখার আহমেদ, সুমন রহমান, বাবুল ইসলাম, আমিনুর রহমান চৌধুরী, কবির উদ্দিন, সেবুল আলী, শাহেদ মিয়া, কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh