আসুন আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ

সারা দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’–এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার কাজে সময় দিলে ডেঙ্গু পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ সমাজের শক্তির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পরিবর্তন সম্ভব। আসুন, এবার আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি।’

দেশে ২৩ লাখ স্কাউট ও প্রায় ৪ কোটি শিক্ষার্থীর পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, এত বিশাল জনগোষ্ঠী এক হয়ে দেশ গড়ার কাজে নামলে কেউ তা ঠেকাতে পারবে না। নিজেকে ও সমাজকে সুস্থ রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা করা হবে। সবাই মিলে কাজ করলে শতভাগ না হলেও অন্তত ৮০ ভাগ সমাধান সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাসাবাড়ি, আঙিনা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকলে তা অপসারণ করতে হবে।

উল্লেখ্য, আজ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই দীর্ঘমেয়াদি ও সমন্বিত অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। এই তিন মাস স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

এদিন অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh