সব
স্বদেশ বিদেশ ডট কম

শিল্পকারখানায় আগামীকাল থেকে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে ব্যবসায়ী নেতাদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক সভা শেষে ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক ওই সভা হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন।
সভা শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কালাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে আগামীকাল থেকেই মিল-কলকারখানায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে উন্নতি হবে এবং আমরা স্বাভাবিক উৎপাদনে ফিরে যেতে পারব।
তিনি বলেন, উনি বিগত দিনে যত ওয়াদা দিয়েছেন বা আমাদের আশ্বস্ত করেছেন, প্রত্যেকটার প্রতিফলন আমরা পেয়েছি। আজ আমরা হাসিমুখে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং সমাপ্ত করেছি।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন নতুন করে সংকট তৈরির হওয়ার আগে যে অবস্থা ছিল, আগামীকাল রাত থেকেই আমরা ওই অবস্থায় ফিরে যেতে পারব। এটি আজকের সভার সবচেয়ে বড় প্রাপ্তি এবং স্বস্তির খবর।
এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বক্তব্য রাখেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন।