বিএনপি অফিসে ভাঙচুরের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ

কুষ্টিয়ায় বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষকদলের অফিসে হামলা-ভাঙচুর করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ও বিএনপি কর্মীরা ওই হামলায় নেতৃত্বদানকারী আওয়ামী লীগ নেতার বাড়ি-গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এতে ক্ষয়-ক্ষতিসহ পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও ভীতি।

খবর পেয়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গত ১৫ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার অন্তর্গত পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামের এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে কৃষকদলের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের অবস্থানকালে পাটিকাবাড়ি ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুলের নেতৃত্বে ৪০-৫০ জন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিত হামলা ও আক্রমণ চালায়। এ সময় তারা কৃষকদলের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করে।

এতে দলীয় ওই কার্যালয়ে সংরক্ষিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি ছুড়ে ফেলে দেয় হামলাকারীরা। এছাড়া কার্যালয়সহ চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এ সময় অন্তত ৫-৭ জন বিএনপি কর্মী আহত হন।

এদিকে অতর্কিত এই হামলা ও ভাঙচুরের পর বিক্ষুব্ধ জনতা-বিএনপি কর্মীরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়ি এবং বাড়ি সংলগ্ন গোডাউনে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

এতে গ্রামজুড়ে তুমুল উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে এলাকায় বিরাজ করছে চরম উত্তেজনা। যেকোনো ফের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে আওয়ামী লীগ নেতা রুহুলসহ দলীয় বেশ কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে ইবি থানায় নাশকতা মামলা দায়ের হয়। ওই মামলায় সম্প্রতি তারা জামিন লাভের পর প্রতিশোধ নিতে কৃষকদলের কার্যালয়ে অতর্কিত হামলা-আক্রমণ করা হয় বলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য-সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ন্যাক্কারজনক এই হামলা করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেছেন তিনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার পর তুমুল উত্তেজনাকর পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh