বাংলাদেশ সেন্টার লন্ডনের পার্মানেন্ট মেম্বার অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক

লন্ডন প্রতিনিধি:,

  • প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ সেন্টার লন্ডনের পার্মানেন্ট মেম্বার, প্রবীণ কমিউনিটি নেতা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাসী সংগঠক এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবুল হাশেম আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টায় লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সেন্টার লন্ডন। এক শোকবার্তায় সংগঠনটির সাধারণ সম্পাদক তফজ্জুল মিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তফজ্জুল মিয়া বলেন, অধ্যাপক আবুল হাশেম ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একজন সম্মানিত ব্যক্তিত্ব এবং বাংলাদেশ সেন্টার লন্ডনের অত্যন্ত শ্রদ্ধাভাজন পার্মানেন্ট মেম্বার। রাজনীতির পাশাপাশি প্রবাসীদের সামাজিক উন্নয়ন ও বাংলাদেশ সেন্টারের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, ১৯৬৮ সালে যুক্তরাজ্যে একজন প্রগতিশীল ছাত্রনেতা হিসেবে অধ্যাপক আবুল হাশেমের নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডের সূচনা হয়। পরবর্তীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে জনমত গঠন ও তহবিল সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ প্রবীণ নেতাকে হারাল বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

বাংলাদেশ সেন্টার লন্ডনের কাউন্সিল অব ম্যানেজমেন্টের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়েছে।

শোকবার্তায় মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়, তিনি যেন মরহুম অধ্যাপক আবুল হাশেমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh