ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীসহ ৩ জনের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯-এ।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈনউদ্দিন খান এ তথ্য জানান।

মারা যাওয়া তিনজন হলেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ইদ্রিস আলীর স্ত্রী হারিছা বেগম (৬৫), নান্দাইল উপজেলার ফরিদ মিয়ার ছেলে মিনহাজ (১৮) এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নরিল্লা গ্রামের হযরত আলীর স্ত্রী মরিয়ম (৪৫)।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হারিছা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। ডেঙ্গুজনিত রক্তক্ষরণজনিত শক ও ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মিনহাজ বুধবার বিকেল ৪টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ডেঙ্গুজনিত রক্তক্ষরণজনিত জ্বর ও ডিআইসিতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, মরিয়ম বুধবার দিবাগত রাত দেড়টার পর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু জ্বরের পাশাপাশি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত সেখানে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজার ৫১২ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২৯ জন। মাসভিত্তিক হিসাবে, ফেব্রুয়ারিতে একজন, জুনে তিনজন, জুলাইয়ে দুজন, আগস্টে চারজন, সেপ্টেম্বরে ১৩ জন এবং অক্টোবরের প্রথম নয় দিনে ছয়জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, রোগীদের সুস্থ করে তুলতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh