সব
আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের প্রতিবাদে চেন্নাইতে কংগ্রেসের নেতৃত্বাধীন ‘গণতন্ত্র রক্ষা’ বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। গত ৩ অক্টোবর বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’তে যোগ দেওয়ার পর এটিই মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দলের প্রথম কোনো সিইসিবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ।
কংগ্রেস সংসদ সদস্য বি মানিকাম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটির (টিএনসিসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ইন্ডিয়া জোটের শরিক সাতটি দলের নেতারা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)’ প্রক্রিয়ার মাধ্যমে কোটি কোটি ভোটারকে সুপরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই ৯৭ লাখের বেশি ভোটারের নাম কাটা গেছে। বাদ পড়া ভোটারদের বড় অংশই মুসলিম, ক্ষুদ্র জাতিসত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর। বক্তারা এই প্রক্রিয়াকে ‘গণতান্ত্রিক হত্যাকাণ্ড’ বলে আখ্যা দিয়ে অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে সুবিধা করে দিতেই নির্বাচনী ব্যবস্থায় এই কারসাজি করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী বিজয়ের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে রাহুল ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে আগামীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে টিভিকে দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সম্প্রতি তামিলনাড়ুতে উপনির্বাচনে টিভিকের জয়ের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। চেন্নাইয়ের পাশাপাশি ভোটার তালিকায় অনিয়মের প্রতিবাদে রাজধানী নয়াদিল্লিতেও বিক্ষোভ চলছে।