সব
প্রেস বিজ্ঞপ্তি,
শোষণ ও দারিদ্র্যলাঞ্ছিত সমাজের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন কমরেড শ্রীকান্ত দাশ। তিনি ছিলেন সমাজ পরিবর্তনের চিন্তক ও প্রগতিশীল আন্দোলনের নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর জীবন, আদর্শ ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্মরণসভায় অংশ নেওয়া বক্তারা।
গত ১৯ নভেম্বর ২০২৬, কমরেড শ্রীকান্ত দাশের ১৭তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ভার্চ্যুয়াল স্মরণসভা অনুষ্ঠিত হয়। কানাডার মন্ট্রিয়ল, টরন্টো ও নিউইয়র্ক সময় সকাল ১০টা, যুক্তরাজ্য সময় বিকেল ৩টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে কমরেড শ্রীকান্ত দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষাবিদ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা তাজুল মোহাম্মদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং কানাডা উদীচী (মন্ট্রিয়ল)-এর সভাপতি অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেন।
সঞ্চালক তাজুল মোহাম্মদ তাঁর বক্তব্যে কমরেড শ্রীকান্ত দাশের সংগ্রামী ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, হাওর অঞ্চলের যোগাযোগ উন্নয়নে যে উড়ালসেতুর কথা বলা হচ্ছে এবং যার বাস্তবায়ন শুরু হয়েছে, সেই চিন্তা কমরেড শ্রীকান্ত দাশ আশির দশকেই করেছিলেন। এটি তাঁর দূরদর্শী চিন্তার স্মারক।
লেখক ও রবীন্দ্র গবেষক মিহিরকান্তি চৌধুরী বলেন, সমাজ পরিবর্তনের প্রতি নিষ্ঠা, আত্মনিবেদন, নিভৃত জীবনযাপন, প্রতিকূলতার মধ্যেও নীতি-আদর্শে অবিচল থাকা এবং নির্লোভ জীবনযাপন থেকে শ্রীকান্ত দাশের জীবন আমাদের অনেক কিছু শেখায়। তিনি তাঁকে একজন ভূমিপুত্র হিসেবে অভিহিত করেন।
সিলেট জেলা বারের সাবেক সভাপতি, আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন বাংলাদেশের বাম রাজনীতির বিভিন্ন ধারা ও গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, কমরেড শ্রীকান্ত দাশের আদর্শ ছিল সমাজতন্ত্র। তাঁর কথার সঙ্গে কাজের মিল ছিল। তিনি যা বিশ্বাস করতেন, তা বাস্তব জীবনেও অনুসরণ করতেন। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে অনুকরণীয় হিসেবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অধ্যাপক ডা. সুধেন্দু বিকাশ দাস স্মৃতিচারণ করে শ্রীকান্ত দাশ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের বিভিন্ন দিক ও বৈশিষ্ট্য তুলে ধরেন।
বাম রাজনীতিবিদ অ্যাডভোকেট আনোয়ারা হোসেন সুমন শ্রীকান্ত দাশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও তাঁর সান্নিধ্যের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, পাকিস্তান আমলে বাম রাজনীতি নিষিদ্ধ থাকাকালে কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো, তা জানার জন্য তিনি শ্রীকান্ত দাশের সঙ্গে আলোচনা করতেন। এসব আলোচনা তাঁকে সমৃদ্ধ করেছে। তিনি আরও জানান, ১৯৬৮ সালে সিলেট জেলার গোপন কংগ্রেস শ্রীকান্ত দাশের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তাঁর আস্থার বিষয়টি বোঝা যায়।
আইনজীবী ও লেখক সুব্রত দাশ বলেন, যাদের জন্য সংগ্রাম, তাদের কাছাকাছি থাকা এবং তাদের একজন হয়ে কাজ করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন অনুকরণীয়।
কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কমরেড শ্রীকান্ত দাশ তাঁদের পথপ্রদর্শক। তাঁরা তাঁকে হৃদয়ে ধারণ করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ ছাড়া বক্তব্য দেন মেঠোসুরের সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার এবং কমরেড শ্রীকান্ত দাশের ছেলে সুশান্ত দাসসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেন বলেন, বর্তমান বাস্তবতায় কমরেড শ্রীকান্ত দাশের মতো মহৎ ব্যক্তিদের সাধারণ মানুষের কাছে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার সংগ্রামে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
স্মরণসভায় সংগীত পরিবেশন করেন বিমান তালুকদার, গণমাধ্যমকর্মী সন্দীপন শুভ এবং সিলেট উদীচীর শ্রমিক সন্দীপ। গণসংগীতশিল্পী আব্দুল করিমের গান পরিবেশনার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।
সভায় আরও যুক্ত ছিলেন প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, কবি ও লেখক নীলকান্ত দাশ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ইফতেখারুল হক পপলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ ওয়ার্কার্স কাউন্সিল যুক্তরাজ্যের অন্যতম নেতা সলিসিটর শাহরিয়ার বিন আলী, দুরন্ত দাস, মতিয়ার মিয়া, কাজল সরকার, প্রসেনজিৎ চৌধুরী, শিমুল চন্দ্র দাস, উর্মি তালুকদার, এল্টন সরকার, রেমী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশ, রথীন্দ্র সরকার, দেবেশ দাস, মৃদুল চন্দ্র দাস ও জুয়েল মজুমদারসহ অনেকে।