সব
স্বদেশ বিদেশ ডট কম

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে যারা বিঘ্নিত করতে চায়, তাদের চিহ্নিত করার কথাও জানিয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানটি।
নির্বাচনি পরিবেশ ব্যাহত করে এমন যেকোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি। একই সঙ্গে যৌথবাহিনীর অভিযান আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কমিশন।
রোববার রাজধানীর নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে ইসির পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলা হয়েছে। যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা নির্বাচন ব্যাহত করার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
ইসি আরও জানায়, যৌথবাহিনীর অভিযান পুনরায় শুরু হলে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং এতে ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ ও আস্থা বাড়বে বলে কমিশন প্রত্যাশা করছে।