প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতির মতবিনিময়

প্যারিস প্রতিনিধি :,

  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফর উপলক্ষে প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে প্রীতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের অভারভিলিয়ের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ শাহেদ রাহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন। পরে শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় তাঁর দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

মুক্ত আলোচনায় প্রবাসে বাংলা ভাষার চর্চা, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও শেকড়ের সঙ্গে সংযোগ তৈরি এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, প্রবাসের মাটিতে সাংবাদিকদের দায়িত্ব অনেক বড়। শুধু বর্তমানের খবর নয়, সাংবাদিকদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং বাংলা সাহিত্য-সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। নতুন প্রজন্ম যেন নিজেদের শেকড় ভুলে না যায়, সেজন্য সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহেল বলেন, প্যারিসে কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। শাহেদ রাহমানের মতো অভিজ্ঞ ও গুণী সাংবাদিকের পরামর্শ প্যারিসের সাংবাদিকদের পথচলায় সহায়ক হবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের একটি রেপ্লিকা স্মারক হিসেবে তুলে দেওয়া হয়। পরে তাঁর সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

সভায় প্রেসক্লাবের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্যপ্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ, সদস্য শাবুল আহমেদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুহাম্মদ শাহেদ রাহমান সুনামগঞ্জের সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা পোস্ট, বাংলা মিরর নিউজ, বাংলা সংলাপ ও ইউকে বাংলা গার্ডিয়ানের সঙ্গে সাংবাদিকতা ও সম্পাদনার বিভিন্ন দায়িত্বে যুক্ত রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh