ক্ল্যাকটন-অন-সিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা

সংবাদ বিজ্ঞপ্তি,

  • প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ণ

প্রবাসে থেকেও শেকড় ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে যুক্তরাজ্যে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা।

গত ৯ আগস্ট, রোববার যুক্তরাজ্যের জনপ্রিয় সমুদ্রসৈকত ক্ল্যাকটন-অন-সিতে সংগঠনের সদস্য, পরিবার-পরিজন ও শিশু-কিশোরদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি, সংগীত, সাহিত্য ও ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ একটি জেলা। উস্তাদ আলাউদ্দিন খাঁ, মীর আলতাফ হোসেন ও অদ্বৈত মল্লবর্মণের মতো গুণীজনের স্মৃতিবিজড়িত এই জেলার ঐতিহ্যকে প্রবাসের মাটিতেও ধারণ করে চলেছেন সমিতির সদস্যরা।

পিকনিক উপলক্ষে সকাল সাড়ে ৯টার মধ্যে লন্ডনের রেডব্রিজ স্টেশনের কার পার্কে সমবেত হন সদস্যরা। যাত্রাপথে গাড়িতেই প্রাতঃরাশের ব্যবস্থা করা হয়। পরে কোচে স্মৃতিচারণ, গান, কৌতুক ও নানা আনন্দঘন পরিবেশনার মাধ্যমে যাত্রাপথ হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৈয়দ হামিদুল হক, মেসবাহ উদ্দিন ইকো ও ফারুক আহমদ।

দিনের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণ। ফেরার পথে তারা নিজেদের পরিচয়, কোথায় পড়াশোনা করছে এবং পিকনিকে এসে কেমন অনুভূতি হয়েছে তা তুলে ধরে। তাদের প্রাণবন্ত বক্তব্য উপস্থিত সবাইকে আনন্দ দেয়।

ক্ল্যাকটন-অন-সিতে পৌঁছে গোল্ডেন কারী রেস্টুরেন্টে দুপুরের খাবারের আয়োজন করা হয়। এরপর সমুদ্রসৈকতে শুরু হয় বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন।

নারী ও শিশুদের জন্য অনুষ্ঠিত হয় পিলো পাসিংসহ বিভিন্ন প্রতিযোগিতা। পাশাপাশি ‘ব্রাহ্মণবাড়িয়ার কন্যা’ ও ‘ব্রাহ্মণবাড়িয়ার বধূ’ গ্রুপের মধ্যে অনুষ্ঠিত হয় অন্তাক্ষরী গানের প্রতিযোগিতা। ‘ব্রাহ্মণবাড়িয়ার বধূ’ দলের মিসেস ফেরদৌসীর গান এবং ড. হাসনীন চৌধুরী ও নিলুফা হাসানের নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

আয়োজনের আরেকটি আকর্ষণ ছিল সাবেক প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক আবু মুসা হাসানের পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক শব্দভান্ডার নিয়ে কুইজ প্রতিযোগিতা। এতে সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমুদ্রের নীল জল, নির্মল বাতাস ও মনোরম পরিবেশে সদস্য ও তাঁদের পরিবারের লোকজন ছবি তোলেন, আড্ডা দেন এবং আনন্দঘন সময় কাটান। অনেকে সমুদ্রে সাঁতারও উপভোগ করেন।

দিনব্যাপী আয়োজনের বিভিন্ন কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র আইনজীবী মেসবাহ উদ্দিন ইকো, সৈয়দ হামিদুল হক, ফারুক আহমদ, ইঞ্জিনিয়ার সাদেকুল আলম, ব্যারিস্টার নজরুল ইসলাম, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি খুররম মতিন, উপদেষ্টা মো. আব্দুল হাদি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুর রহমান বাদল, মো. বাহার উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মুসা হাসানসহ অনেকে।

শেষপর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি খুররম মতিন আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

প্রবাসে বসেও নিজেদের আঞ্চলিক সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার প্রত্যয়ে আয়োজিত এই বনভোজন সদস্যদের জন্য হয়ে ওঠে আনন্দ, বন্ধুত্ব ও শেকড়ের স্মৃতি ধরে রাখার এক সুন্দর দিন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh