আশুলিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নিহত ৭

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ

ঢাকার আশুলিয়ার জামগড়ায় একটি তৈরি পোশাক কারখানার সামনে গ্যাস সিলিন্ডারভর্তি লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনায় আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে জামগড়া এলাকার প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর পরপরই চারপাশে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিসংযোগ প্রশমিত হওয়ার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ওই এলাকা এবং গাড়িতে তল্লাশি চালায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, তল্লাশিকালে দুর্ঘটনাকবলিত লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে পড়লে সেখানে থাকা জয়নাব বেগম নামের এক নারী মারা যান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল নামের আরেকজনের মৃত্যু হয়। এ নিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনায় মোট সাতজনের প্রাণহানি ঘটল।

ফায়ার সার্ভিসের ঢাকা-৪-এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, একটি কাভার্ডভ্যানের ভেতরে থাকা সিএনজি সিলিন্ডার থেকে বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ ও মোট ক্ষয়ক্ষতির পরিমাণ পূর্ণাঙ্গ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh