পুনরায় না করলে বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আজীবন পেনশন পাবেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ

মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনরায় বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন। এ জন্য প্রতিবছর একবার পুনর্বিয়ে না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে। তবে ৫০ বছরের বেশি বয়সী বিধবার ক্ষেত্রে এ অঙ্গীকারনামা দেওয়ার প্রয়োজন হবে না।

রোববার (২০ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে সরকারি চাকরিজীবীদের পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও অবসরকালীন বিভিন্ন সুবিধার নতুন হিসাব নির্ধারণ করা হয়েছে। এসব নিয়ম গত ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

চাকরি যত বেশি, পেনশনও তত বেশি

নতুন নিয়মে সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে। পাঁচ বছর চাকরি করলে মূল বেতনের ২১ শতাংশ পেনশন পাওয়া যাবে। চাকরির মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে এই হারও বাড়বে।

১০ বছর চাকরিতে পেনশনের হার ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ এবং ২০ বছরে ৭২ শতাংশ। ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ পেনশন পাওয়া যাবে। ২৫ বছর বা তার বেশি চাকরি করলে সর্বোচ্চ ৯০ শতাংশ হারে পেনশন নির্ধারণ করা হবে।

বিদ্যমান পেনশনে বাড়বে টাকা

বর্তমানে যারা পেনশন পাচ্ছেন, তাদের গত ৩০ জুনের নিট পেনশনের ভিত্তিতে নতুন পেনশন নির্ধারণ করা হবে।

৯ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনে ১০০ শতাংশ বৃদ্ধি হবে। এতে নতুন পেনশন দাঁড়াবে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা।

৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ এবং ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ বৃদ্ধি হবে।

৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধি হবে। এ শ্রেণিতে নতুন নিট পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে বর্তমানে যারা ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা নির্ধারিত সময় পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন। পরে নতুন নিয়ম অনুযায়ী বার্ষিক বৃদ্ধি কার্যকর হবে।

আনুতোষিকের হার অপরিবর্তিত

নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার পরিবর্তন করা হয়নি। পাঁচ থেকে ১০ বছরের কম চাকরিতে প্রতি টাকায় ২৬৫ টাকা, ১০ থেকে ১৫ বছরের কমে ২৬০ টাকা, ১৫ থেকে ২০ বছরের কমে ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিতে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক পাওয়া যাবে।

অবসরে ১৮ মাসের ছুটি নগদায়ন

অবসরের সময় সর্বোচ্চ ১৮ মাসের ছুটি নগদায়ন করা যাবে। অর্থাৎ শর্ত পূরণ হলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়া যাবে।

অবসর-উত্তর ছুটি বা পিআরএল এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের অর্জিত ছুটিকে এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে। পিআরএল না নিলেও নির্ধারিত শর্তে ছুটি নগদায়নের সুবিধা পাওয়া যাবে।

এ ছাড়া কোনো সরকারি কর্মচারী চাকরির পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়লে বা মারা গেলে নির্ধারিত শর্তে এককালীন বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh