গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি

গোলাপগঞ্জ প্রতিনিধি:,

  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান শানু। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সঠিক তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় মাহমুদুর রহমান শানু বলেন, গোলাপগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠার পর এবারই প্রথমবারের মতো সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন নির্বাচন কমিশনাররা। গোলাপগঞ্জ উপজেলার মানুষ আগ্রহ নিয়ে নির্বাচন প্রত্যক্ষ করেছেন এবং প্রবাসীদের মধ্যেও এ নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল।
তিনি বলেন, ১৯৯৪ সালে একঝাঁক উদীয়মান তরুণ লেখক ও সাংবাদিকের উদ্যোগে গোলাপগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, সততা, পরমতসহিষ্ণুতা ও গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

মাহমুদুর রহমান শানু বলেন, নবনির্বাচিত কমিটির সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গোলাপগঞ্জের সাংবাদিকতা, গণমাধ্যম, বস্তুনিষ্ঠ সংবাদ, চারণ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি হাওয়া টিভির ব্যবস্থাপনা পরিচালক ও বিলেতের আয়না সম্পাদক হিসেবে নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে তাঁদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন এনাম আহমদ, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ খান, সহসভাপতি মো. বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু।
কার্যনির্বাহী সদস্যরা হলেন—মোহাম্মদ জাবের আহমদ, বাবর জোয়ারদার, মাহদী রহমান ও এম. আব্দুল জলিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh