সব
আন্তর্জাতিক ডেস্ক,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় পদচ্যুত হয়েছেন। মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তরে গুবলেট পাকানো এবং পরবর্তীতে নিজের ‘অ্যাটর্নি’ পরিচয় নিয়ে চরম বিতর্কের মুখে শুক্রবার (১৬ অক্টোবর) তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে এটিই স্মরণকালের সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদ।
শুক্রবার বিকেলে জর্জিয়ায় যাওয়ার পথে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি কেটিকে নিজের দায়িত্ব পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্প বলেন, “আমি তাঁকে বলেছিলাম, আপনি যদি না চান, তাহলে এ কাজ করার দরকার নেই। সত্যি বলতে, আমি আপনার জায়গায় থাকলে বিষয়টি নিয়ে আবার ভাবতাম।” হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চুং জানিয়েছেন, কেটি জাকারাইয়াকে একটি নতুন ভূমিকায় স্থানান্তরিত করা হবে।
৪২ বছর বয়সী রাজনৈতিক কৌশলবিদ ও রক্ষণশীল ভাষ্যকার কেটিকে গত সপ্তাহে হঠাৎ করেই এই পদে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু মঙ্গলবার তাঁর অভিষেক ব্রিফিংটি মাত্র ১৫ মিনিটে শেষ হয়ে যায়, যেখানে তিনি মাত্র তিনটি প্রশ্নের উত্তর দেন। এমনকি কথা বলতে গিয়ে স্বামীর বদলে ভুল করে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম বলে হাস্যরসের শিকার হন।
সবচেয়ে বড় বিতর্ক শুরু হয় তাঁর ‘অ্যাটর্নি’ পরিচয় নিয়ে। বার পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও নিজেকে বারবার আইনজীবী হিসেবে পরিচয় দেওয়ায় এবং অন্তত ১৫টি পোস্টে তাঁকে ‘অ্যাটর্নি’ হিসেবে তুলে ধরায় তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস এই ঘটনাকে ট্রাম্প প্রশাসনের চরম ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে অ্যান্থনি স্কারামুচি মাত্র ১০ দিনের মাথায় যোগাযোগ পরিচালকের পদ থেকে বরখাস্ত হয়ে রেকর্ড গড়েছিলেন, যা এবার ভাঙলেন কেটি জাকারাইয়া।