মৌলভীবাজারে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সেলাই মেশিন বিতরণ কর্মসূচি শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ

সিলেট বিভাগের চার জেলার সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী
করতে ৭ লাখ টাকার প্রকল্প, বিতরণ করা হবে ৫০টি সেলাই মেশিন

সিলেট বিভাগের চার জেলার সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি শুরু করেছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। সাত লাখ টাকা ব্যয়ে ৫০টি সেলাই মেশিন বিতরণের এ প্রকল্প পর্যায়ক্রমে মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বাস্তবায়ন করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের কনফারেন্স হলে কর্মসূচির প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড ইস্ট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ইমরান হোসেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা আলহাজ আনসার মিয়ার সভাপতিত্বে এবং ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও কমিউনিটি নেতা মাহিদুর রহমান এবং ব্র্যাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর হাসানুজ্জামান খান।

অনুষ্ঠানের শুরুতে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬-এ অনুদান প্রদানকারীদের নাম পড়ে শোনান এম মুহিবুর রহমান মুহিব। এ ছাড়া বক্তব্য দেন ইউসুফ আলী, খালেদ চৌধুরী ও সৈয়দ মমশাদ আলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সভাপতি ও ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম ও আর্থিক অনুদান প্রদানকারীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মোহাম্মদ মকিস মনসুর বলেন, নারীর ক্ষমতায়ন ও জীবনমানের পরিবর্তনের লক্ষ্যে সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু মৌলভীবাজার নয়, পর্যায়ক্রমে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়ও সেলাই মেশিন বিতরণ করা হবে। সাত লাখ টাকার এ প্রকল্পের আওতায় মোট ৫০টি সেলাই মেশিন বিতরণ অব্যাহত থাকবে। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও মানবিক উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইব্রাহিম আহমেদ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দানশীল ব্যক্তি ও সংগঠনের নেতারা অনুদান দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই, প্রতিষ্ঠাকালীন কালচারাল সেক্রেটারি মিসেস শাহিদা এইচ. হোসাইন, সিনিয়র উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সংগঠনের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ আশরাফ মিয়া, ট্রেজারার হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল প্রেসিডেন্ট হারুনুর রশিদ, ইনসানিয়া স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুন নূর মোহন, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর হাবিবুর রহমান রানা এবং সাউথ ইস্ট রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন।

এ ছাড়া অনুদানদাতাদের মধ্যে রয়েছেন সাউথ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট মুজিবুর রহমান মুজিব, নর্থ ওয়েলস রিজিওনাল প্রেসিডেন্ট শাহজানুর রাজা, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট আশিক মিয়া, কেন্ট রিজিওনাল কালচারাল সেক্রেটারি নূরজাহান রহমান, সাউথ ওয়েলস রিজিওনাল জেনারেল সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ. বি. রুনেল, নর্থ ওয়েলস রিজিওনাল ফাইন্যান্স সেক্রেটারি হারুন আলম, নর্থ রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনোহর আলী (রুকনুজ্জামান), নর্থ রিজিওনাল সিনিয়র সদস্য মো. আব্দুল খালেক, নিউপোর্ট শাখার প্রেসিডেন্ট ফয়সল রহমান, নর্থ ওয়েলস রিজিওনাল সিনিয়র সদস্য শাহ নেওয়াজ শাহান এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ আব্দুল মুকিতসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh