সব
স্বদেশ বিদেশ ডট কম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ‘নাগরিক স্মরণসভা’র উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনের অংশ হিসেবে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও দেশ গঠনের অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ এবং প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দলমত নির্বিশেষে আয়োজিত এই স্মরণসভায় দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজনদের এই আয়োজনে আমন্ত্রণ জানানো হবে।
বেগম জিয়ার কর্মময় ও সংগ্রামী জীবনকে চিরস্মরণীয় করে রাখতে যে বিশেষ স্মারকগ্রন্থটি প্রকাশিত হবে, তার জন্য গবেষক, লেখক ও ঘনিষ্ঠজনদের কাছ থেকে মৌলিক লেখা আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী প্রবন্ধ পাঠাতে হবে। লেখার বিষয়বস্তুর মধ্যে রয়েছে, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি, দেশপ্রেম ও পররাষ্ট্রনীতি, নারী শিক্ষা ও সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক দর্শন, সংবাদপত্রের স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা এবং তার জীবনের অজানা ও অন্তিম সময়ের নানা স্মৃতিচারণ।
আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর (২০২৬) তারিখের মধ্যে nagorikshoronshova@gmail.com ই-মেইল ঠিকানায় লেখা পাঠাতে বলা হয়েছে। সম্পাদকমণ্ডলীর বাছাই শেষে চূড়ান্ত প্রবন্ধগুলো গ্রন্থে স্থান পাবে।
স্মরণসভা ও গ্রন্থ প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, দেশ গঠনে তার সাফল্য এবং সংগ্রামী জীবনের নানা দিক নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে একটি তথ্যসমৃদ্ধ ভিডিও ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র নির্মাণেরও উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।