সব
স্বদেশ বিদেশ ডট কম

দেশে ডেঙ্গুর পাশাপাশি এবার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে প্রাণ হারিয়েছেন আরও দুজন।
সব মিলিয়ে একদিনে এই দুই রোগে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত এক দিনেই এই দুই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৭৪ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১৯ জন। এদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪৮ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭১ জন।
নতুন করে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে সিলেটে সর্বাধিক তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও ময়মনসিংহে মারা গেছে একজন করে শিশু।
হাম নিয়ে দীর্ঘমেয়াদি পরিসংখ্যানে ভয়াবহ চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, দেশে গত ১৫ মার্চ থেকে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে ভুগে মোট ১ হাজার ৩০০ শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৫ জনের।
চলতি বছরে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে। তবে সন্দেহজনক বা হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা আরও বেশি ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জন।
এ বছর এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।
হামের পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতিরও অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৮৩ জন।
অধিদফতরের বিগত বছরগুলোর পরিসংখ্যান বলছে, গত দুই বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে, গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।