যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ জট তৃতীয় দিনেও, আরও ১১ হাজার ফ্লাইট বিঘ্নিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১:১৮ অপরাহ্ণ


যুক্তরাষ্ট্রে বিমান চলাচল কয়েক ঘণ্টা বন্ধের জেরে সৃষ্ট উড়োজাহাজ জট রোববার তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। এদিন দেশটিতে আরও অন্তত ১১ হাজার ৫০০টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

‘নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের ত্রুটির কারণে’ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারি করার পর দেশটিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে অধিকাংশ উড়োজাহাজের যাত্রা স্থগিত ছিল। এতে দেশব্যাপী যে বিশৃঙ্খলা ও জট তৈরি হয়েছে, তা তিন দিনেও স্বাভাবিক হয়নি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২ হাজার ১০০টি ফ্লাইট বাতিল এবং ৯ হাজার ৪০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

এর আগে শনিবার এয়ারলাইনসগুলো প্রায় ৬ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করে। বিলম্বিত হয় ৯ হাজার ১০০টিরও বেশি ফ্লাইট।

সোমবার পরিস্থিতির অনেকটা উন্নতি হবে বলে ধারণা পাওয়া যাচ্ছে। রোববার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিট পর্যন্ত সোমবারের সূচিতে থাকা ৮৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে। আগের দিন শনিবার রাতে বাতিল করা রোববারের ফ্লাইটের সংখ্যা ৮৭৫টিরও বেশি ছিল।

ডাফি এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে জানিয়েছেন, এই ঘটনায় সাইবার হামলা বা এ ধরনের ক্ষতিকর অভিপ্রায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা অস্পষ্টই রয়ে গেছে।

তিনি বলেছেন, ফ্লাইট চলাচল রোববারের মধ্যে ‘স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে’, কিন্তু ‘পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরবে সম্ভবত’ সোমবার। এফএএ যাত্রীদের সুরক্ষিত রাখার দিকেই বেশি নজর দিচ্ছে বলে দাবি করেছেন তিনি।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এফএএর ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস দূরের একটি কেন্দ্রে অন্তত একটি নতুন রাউটার বসানোর কারণেই মূলত সমস্যার সৃষ্টি হয়েছিল। এই কারণেই এফএএকে বিমান চলাচল বন্ধের নির্দেশ জারি করতে হয়েছিল। এলথ্রিহ্যারিস ওই নতুন রাউটার বসানোর ফলে অন্যান্য এয়ার ট্র্যাফিক কন্ট্রোল কেন্দ্রগুলো বিপুল পরিমাণ ডেটার চাপে ভারাক্রান্ত হয়ে পড়ে। এতে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হয়।

রোববার ডাফি জানিয়েছেন, আরকানসাসের এল ডোরাডোতে অবস্থিত এফএএর একটি স্থাপনায় রাউটার পরিবর্তনের ঘটনাটি টেক্সাসের আমারিলোতে সম্প্রতি প্রতিস্থাপিত একটি রাউটারে সমস্যা সৃষ্টি করে। এই সমস্যার কারণে দেশের অন্যান্য এয়ার ট্র্যাফিক কন্ট্রোল কেন্দ্রের রাউটারগুলো অতিরিক্ত চাপের মুখে পড়ে যায়।

এফএএ জানিয়েছে, সমস্যা সৃষ্টিকারী রাউটারগুলোর কার্যকারিতা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। পাশাপাশি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ব্যবস্থায় থাকা একই ধরনের প্রায় ৬০টি রাউটারের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডাফি জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কাজের সময় ঠিক কী কারণে এই সমস্যাটি তৈরি হয়েছিল, তা এফএএ এখনো নিশ্চিত হতে পারেনি। এ ধরনের কাজ এর আগেও কোনো সমস্যা ছাড়াই হাজারবার সম্পন্ন হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh