সব
স্বদেশ বিদেশ ডট কম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় তাঁর স্ত্রী রুকমিলা জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন জানান, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে মোট ১৫ বছরের সাজা ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে মোট ১৭ জনকে সাজা এবং ১৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে চারজন আসামি উপস্থিত ছিলেন, যাঁদের মধ্যে একজন খালাস পেয়েছেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী ছোটন জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে অর্থ পাচারের অভিযোগে ১০ বছর ও আত্মসাতের অভিযোগে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। আর তাঁর স্ত্রী রুকমিলা জামানকে দুই অভিযোগে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ২০২৫ সালের ২৪ জুলাই চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করে দুদক। সংস্থার প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে এই মামলা করেছিলেন।