৯ মাসে ইসলামী ব্যাংকের আমানত কমেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ

একসময় দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমানত সংগ্রহ, বিনিয়োগ ও শাখা বিস্তারে শক্তিশালী অবস্থানে থাকা ব্যাংকটির পরিস্থিতি আর্থিক অনিয়ম ও আস্থাহীনতার কারণে গত কয়েক বছরে ক্রমেই নাজুক হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ব্যাংকটির আমানত, আয় ও মুনাফায়। শুধু গত ৯ মাসেই ব্যাংকটি থেকে ১৫ হাজার ৯৫০ কোটি টাকার আমানত কমেছে এবং একই সময়ে লোকসান হয়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের মোট আমানত ছিল ১ লাখ ৮১ হাজার ৮২০ কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে তা কমে ১ লাখ ৬৫ হাজার ৮৭০ কোটি টাকায় নেমে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির এক কর্মকর্তা জানান, সম্প্রতি চাকরিচ্যুত কর্মকর্তা ও সচেতন গ্রাহক ফোরামের আন্দোলন প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সবচেয়ে বড় সংকট হলো দীর্ঘদিন ধরে ব্যাংকটিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নেই। এ নিয়ে নানা জটিলতা তৈরি হওয়ায় অনেক গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন।

আমানত কমলেও এই সময়ে ব্যাংকটির বিনিয়োগ বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে মোট বিনিয়োগ ছিল ১ লাখ ৮৬ হাজার ৯৫ কোটি টাকা, যা গত সেপ্টেম্বর শেষে ২ হাজার ৭৩৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৮৩০ কোটি টাকায়। ফলে আমানত ও বিনিয়োগের ব্যবধান আরও বেড়েছে।

বর্তমানে ব্যাংকটির বিনিয়োগ আমানতের চেয়ে প্রায় ২৩ হাজার কোটি টাকা বেশি। সাধারণত আমানতের অর্থ থেকেই ব্যাংক বিনিয়োগ করে থাকে; ফলে আমানত কমে বিনিয়োগ বাড়ায় তারল্যসংকট বা নগদ অর্থের জোগান নিয়ে চাপ বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির মোট দায় ছিল প্রায় ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা, যা সেপ্টেম্বর শেষে সামান্য কমে প্রায় ২ লাখ ৩৫ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

গত ৯ মাসে বিনিয়োগ ও কমিশনসহ ব্যাংকিং কার্যক্রম থেকে ইসলামী ব্যাংকের পরিচালন আয় হয়েছে ৬ হাজার ৫৫০ কোটি টাকা। অথচ ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির মুনাফা ছিল ১৬৭ কোটি টাকা, যা এখন বড় ধরনের লোকসানে রূপ নিয়েছে।

এ বিষয়ে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন জানান, লোকসান বাড়ার অন্যতম প্রধান কারণ হলো এস আলম গ্রুপের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ খেলাপি হয়ে পড়া। এসব বিনিয়োগ থেকে বর্তমানে কোনো আয় আসছে না, কিন্তু এর বিপরীতে ব্যাংককে প্রভিশন (সম্ভাব্য ক্ষতি মেটানোর সঞ্চিতি) রাখতে হচ্ছে এবং আমানতকারীদের মুনাফাও দিতে হচ্ছে। আয় না থাকলেও ব্যয় বহাল থাকায় লোকসান বাড়ছে।

তিনি আরও জানান, এসব বিনিয়োগ একসঙ্গে নয়, বরং নির্দিষ্ট মেয়াদ শেষে ধাপে ধাপে খেলাপি হিসেবে চিহ্নিত হওয়ায় এর প্রভাব পর্যায়ক্রমে ব্যাংকের আর্থিক হিসাবে প্রতিফলিত হয়েছে।

ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বর্তমান বিনিয়োগ পরিস্থিতিতে বেসরকারি খাতের ঋণপ্রবৃদ্ধি নেতিবাচক ধারায় রয়েছে। ঋণ বিতরণ কমে যাওয়ায় ব্যাংকগুলোর আয় কমেছে, যা পুরো ব্যাংকিং খাতকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে দীর্ঘদিন ধরে পরিচালনা পর্ষদ না থাকা ব্যাংকগুলোতে বিতর্কমুক্ত, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে নতুন পর্ষদ গঠনের কাজ চলছে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh