লন্ডনে ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠিত (ভিডিওসহ)

লন্ডন প্রতিনিধি,

  • প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে ব্যবসা, হসপিটালিটি, প্রযুক্তি, শিক্ষা ও কমিউনিটি খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের অংশগ্রহণে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’। গত ২২ নভেম্বর রোববার রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে ব্রিটিশ বিজনেস এন্টারপ্রেনার ক্লাব—বিবেক (BBEC) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি সম্মাননা দেওয়া হয়।

বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়িক প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময়, নেটওয়ার্কিং, প্যানেল আলোচনা ও অ্যাওয়ার্ড প্রদান পর্ব ছিল। ২০২৪ সালে প্রথম আসরের পর এবার দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত ফিতা কেটে এক্সপোর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিবেকের প্রতিষ্ঠাতা আকরাম হুসাইনসহ অতিথিরা। উদ্বোধনের পর হাইকমিশনার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। পরে অতিথিদের নিয়ে বিবেকের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিবেকের এ ধরনের উদ্যোগ নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে। অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে উদ্যোক্তারা ব্যবসার পরিধি আরও বাড়াতে পারবেন।

কমিউনিটির মিডিয়া ব্যক্তিত্ব মেঘনা মিনারা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বিবেকের কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা আকরাম হুসাইন বলেন, উদ্যোক্তাদের অভিজ্ঞতা ভাগাভাগি ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তাঁর ভাষ্য, অ্যাওয়ার্ডের মাধ্যমে উদ্যোক্তাদের ব্র্যান্ড পরিচিতি ও আস্থা বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে।

অ্যাওয়ার্ড পর্বের আগে ব্যবসায়িক পিচিং ও প্রেজেন্টেশনে অংশ নেয় বাংলাদেশ থেকে আগত এনআরবি ব্যাংক, নেলসন কলেজ লন্ডন ও ওয়ার্ক পারমিট ক্লাউড। এরপর প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুপ্রেরণামূলক বক্তব্যে নেলসন কলেজ লন্ডনের প্রফেসর নাজিম উদ্দিন এবং ওয়ার্ক পারমিট ক্লাউডের ব্যারিস্টার লুৎফুর রহমান তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নতুন উদ্যোক্তাদের দিকনির্দেশনা দেন।

এবারের আসরে বেস্ট স্টার্টআপ অব দ্য ইয়ার হয়েছে PROJUKTI TEAM। ইয়াং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার পেয়েছেন Hanifa Khatun, এন্টারপ্রেনার অব দ্য ইয়ার রজ রহমান এবং উইমেন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন Katie Hayward। প্রপার্টি এন্টারপ্রেনার অব দ্য ইয়ার ক্যাটাগরিতে BRAM Limited, প্রফেশনাল সার্ভিসেস বিজনেস অব দ্য ইয়ারে Mortgage Circle এবং টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে UK Professional Guarding Limited।

রেস্টুরেন্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে BombayAvenue, Ballington Valley Indian Cuisine, Amazing Asia Buffet, The Dhaka Restaurant, Blossom by Khan’s, The Rajdoot Indian Restaurant, Raj Garden, Raj Pavilion, Thé 1971 এবং Reema Bengali Indian Cuisine। টেকঅ্যাওয়ে অব দ্য ইয়ার হয়েছে A Garlic Authentic Indian Takeaway। শেফ অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন Ismail Hossain ও Jomon Kuriakose।

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য London Enterprise Academy, ডিজিটাল ইনফ্লুয়েন্সার হিসেবে Milly Begum, ডিজিটাল ক্রিয়েটর হিসেবে Fuad Abdul-Aziz এবং কমিউনিটি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছে British Bangla Welfare Trust। হসপিটালিটি খাতে দীর্ঘদিনের অবদানের জন্য UK Gas Cooker by Sylhet Welding এবং ব্যবসা ও কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ BRAC Saajan Exchange Ltd. সম্মাননা লাভ করে।

আয়োজনটির পাওয়ার্ড বাই পার্টনার ও স্পনসর ছিল Nelson College London এবং ইন অ্যাসোসিয়েশন উইথ পার্টনার NRB Bank PLC। স্ট্র্যাটেজিক পার্টনার UK Bangla Marketplace, ডিজিটাল মার্কেটিং পার্টনার Currywala Media, অফিসিয়াল মিডিয়া পার্টনার UK Bangla Live News এবং প্রিন্টিং পার্টনার এম আর প্রিন্টার। এ ছাড়া ওয়ার্ক পারমিট ক্লাউড, রাধুনি ও এভারার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করে।

আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও বাড়াবে এবং আগামী প্রজন্মকে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh