সব
সিলেট অফিস,
সিলেট নগরীর আম্বরখানা থেকে এক ভিক্ষুক শিশুকে অপহরণের পর ধর্ষণ চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম ওরফে আলাজুল (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরতলীর কেওয়াছড়া চা-বাগান থেকে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এসময় ভিকটিম শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। আটক আলাজুল গোয়ানঘাট উপজেলার রাণীগঞ্জ গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে।
পুলিশ জানায়- শুক্রবার দুপুর ১২টার দিকে ১০ বছরের ভিকটিম শিশুটি আম্বরখানা মসজিদের সামনে থেকে ভিক্ষা করা অবস্থায় আসামি আলাজুল ভিক্ষাবৃত্তিসহ বেশি টাকা দেওয়ার ও ঘুরানোর প্রলোভন দেখিয়ে তাকে কৌশলে অপহরণ করে কেওয়াছড়া চা-বাগানের ৩নং সেকশনের বাংলোর টিলার উপর নিয়ে যায়।
এরপর বিকেল সাড়ে ৪টার দিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন ও চা-বাগানের শ্রমিকরা এগিয়ে এসে আলাজুলকে আটক করে এবং ভিকটিম শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ও ভিকটিমকে নিজ হেফাজতে গ্রহণপূর্বক থানায় নিয়ে আসে এবং ভিকটিমের অভিবাবকদের অবহিত করে। পরে বাদীনির অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা (মামলা নং-৫২, তাং-২০/১১/২০২০খ্রিঃ) দায়ের করা হয়েছে।