সব
স্বদেশ বিদেশ ডট কম
স্বাস্থ্যসেবা খাতে সিলেটের অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকেও রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন। সেই সঙ্গে দেশের মানুষদেরও বিদেশমুখী প্রবণতা কমবে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটে ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরের নাইওরপুলস্থ হাসপাতালের সেমিনার কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক সৈয়দ মোহাম্মদ মুসা।
মন্ত্রী বলেন, ‘ভৌগোলিক কারণে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি রাজ্যে আমাদের ব্যবসা-বাণিজ্য ও সেবা প্রদানের অনেক সুযোগ রয়েছে। এখন সিলেটসহ সারাদেশ থেকে অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যায়। সিলেটে স্বাস্থ্যসেবা খাতের মান উন্নত করা গেলে ভারতের সেভেন সিস্টার থেকে রোগীরা এ অঞ্চলে সেবা নিতে আসবেন। সারাদেশের লোকজনেরও বিদেশমুখী প্রবণতা কমবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। আমাদের দেশে অনেক মেধাবী চিকিৎসক রয়েছেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। নিজের দেশে উন্নত সেবা দিতে পারলে দেশের সুনাম বাড়বে, খরচও কম লাগবে।’
এ সময় রোগীদের অপ্রয়োজনীয় মেডিকেল টেস্ট দিয়ে হয়রানি বন্ধ ছাড়াও খরচ কমাতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট ইম্পেরিয়াল হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ মতিন, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুসা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সোলায়মান আহসান তানভীর ছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালক এবং এমএমএস গ্লোবাল সার্ভিসেস এর প্রধান সৈয়দ মাহমুদ মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে নগরের জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত অনেক অবদান রাখছে। এ বিষয়টি মানুষকে জানাতে হবে। যাতে এই খাতে বিনিয়োগে মানুষ আরও উৎসাহী হয়।
অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার। এতে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল।