সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. শাহজাহান মিয়া। মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টায় আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন আপিল বোর্ডের প্রধান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
তবে বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে অন্য দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবদুল মান্নান খান ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর ভাগ্য ফেরেনি।
২৫ মে যাচাইবাছাইকালে মনোনয়নপত্রের সঙ্গে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা না দেওয়ায় শাহজাহান মিয়ার মনোনয়নপত্র বাতিল করেন সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির। আপিল শুনানির আগে সম্পদ বিবরণী ও আয়কর রিটার্নের কপি জমা দেওয়ায় তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন। ফলে সিলেটে এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাতজন।
আইন অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ৩০০ ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকা জমা দিতে হয়। মোহাম্মদ আবদুল মান্নান খান ও মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া সমর্থক ভোটার তালিকায় নির্বাচনী এলাকা নগরীর বাইরের ভোটার পাওয়ায় তাদের দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী খেলাফত মজলিসের সিলেট জেলা সহসভাপতি।