ফ্রান্সে স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে একজন নিহত, আহত ৩

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১:৫৪ অপরাহ্ণ

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর নঁতে-তে এক বেসরকারি ক্যাথলিক হাই স্কুলে ছুরি হামলায় এক ছাত্রী নিহত এবং আরও তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার ‘নতর-দাম-দ্য-তুত-এইদ’ স্কুলে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ জানায়, হামলাকারী ১৫ বছর বয়সী এক ছাত্র। হামলার পর শিক্ষকরা দ্রুত তাকে নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছানোর আগেই তাকে কাবু করা হয়।

ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভি জানিয়েছে, নিহত শিক্ষার্থী একজন মেয়ে, আর আহত তিনজন ছাত্র। তবে পুলিশের পক্ষ থেকে নিহতের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনার পর এক সহপাঠী বিস্ময়কর দাবি করেন—হামলাকারী ছেলেটি নাৎসি মতাদর্শে আগ্রহী ছিল। “সে হিটলার ও নাৎসি দর্শন নিয়ে কথা বলত। আমরা ভেবেছি ও এসব বলত মজা করে,” সাংবাদিকদের বলেন ওই শিক্ষার্থী। “এমনকি সে বলত, নাৎসি দর্শন ফিরিয়ে আনতে চায়।”

হামলার ঠিক আগে অভিযুক্ত শিক্ষার্থী স্কুল কর্তৃপক্ষকে একটি দীর্ঘ ইমেইল পাঠায়। সেখানে পরিবেশবাদ ও বৈশ্বিকীকরণবিরোধী নানা বার্তা ছিল, তবে সরাসরি হামলার বিষয়ে কিছু লেখা ছিল না বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।

হামলার পরপরই স্কুলে থাকা শিক্ষার্থীদের ভবনের ভেতরেই আটকে রাখা হয়। পরে বিকেলে পুলিশের নিরাপত্তায় তাদের বাড়ি পাঠানো হয়। স্কুলের বাইরে তখন ভিড় জমিয়েছিলেন উদ্বিগ্ন অভিভাবকরা।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও বলেন, “শৃঙ্খলার অভাব ও শৈথিল্যের পরিবেশেই এমন সহিংসতা জন্ম নেয়।” তবে নঁতের মেয়র জোয়ানা রোলঁ সতর্ক প্রতিক্রিয়ায় বলেন, “এ মুহূর্তে ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা টেনে আনা ঠিক হবে না। বরং তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে গুরুত্ব দিয়ে ভাবা দরকার।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh