ফেনীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, পুড়ল তিন মোটরসাইকেল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ

ফেনীর সদর উপজেলার শর্শদি ইউনিয়নের শর্শদি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় বৃহস্পতিবার ভোরে আগুন লেগে তিনটি মোটরসাইকেল ও ব্যাংকের বারান্দার আসবাবপত্র পুড়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কেউ বা কারা সীমানা প্রাচীর টপকে প্রবেশ করে মূল ভবনের ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।

ভোরের আগুনের ঘটনায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনটি মোটরসাইকেল, দুইটি বেঞ্চ ও ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh