জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করবে সরকার। ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, তা পর্যালোচনা হবে। ৩০ কর্মদিবসের মধ্যে বিষয়গুলোর ফয়সালা করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ধারণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ১৪ জনের বিশেষ কমিটির মাধ্যমে ১৩৩ অধ্যাদেশের বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কোন অধ্যাদেশ দ্রুত সময়ে বাস্তবায়ন করা হবে, আর কোন অধ্যাদেশ ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে।

গত ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh