সব
স্বদেশ বিদেশ ডট কম
ট্রান্সপোর্ট সার্ভিস ইউনিটের সিনিয়র স্টাফ রবার্ট রেডের হাতে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্টাফ অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) লন্ডনের এক্সেল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কাউন্সিলের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অসামান্য কর্মদক্ষতা, নিষ্ঠা, উদ্ভাবনী উদ্যোগ এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এবারের আয়োজনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ট্রান্সপোর্ট সার্ভিস ইউনিটের সিনিয়র স্টাফ রবার্ট রেড তাঁর দীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদান ও নিবেদিত সেবার স্বীকৃতিস্বরূপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাঁর দীর্ঘদিনের সেবার প্রতি সম্মান জানান।
অনুষ্ঠানে কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগের কর্মী, সম্মানিত অতিথি এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাফল্য ও জনসেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং দলগত কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাঁদের এই অনন্য অবদানকে স্বীকৃতি ও উৎসাহিত করতেই প্রতিবছর এ ধরনের স্টাফ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি নির্বাহী মেয়র লুতফুর রহমান পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, কর্মীদের আন্তরিকতা, উদ্ভাবনী চিন্তা এবং জনসেবার প্রতি অঙ্গীকারই কাউন্সিলকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।
উৎসবমুখর পরিবেশ, করতালি এবং সহকর্মীদের উচ্ছ্বসিত অংশগ্রহণের মধ্য দিয়ে স্টাফ অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।