সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার দাবি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে ওই ব্যক্তির সংশ্লিষ্টতার সূত্র পাওয়া যায়।

তবে ওই সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম-পরিচয় প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর। তিনি বলেন, পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা সাগর-রুনি হত্যা মামলার তদন্তকারী সংস্থা পিবিআইকে দেওয়া হতে পারে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য এখনো পুরোপুরি উদ্‌ঘাটিত হয়নি।

চিফ প্রসিকিউটর আরও জানান, সাগর-রুনি হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতাভুক্ত নয়। এটি একটি স্বতন্ত্র হত্যাকাণ্ড হওয়ায় সংশ্লিষ্ট দায়রা আদালতেই এর বিচার হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh