৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগে গায়েবি মামলাগুলোর বাদী সাধারণত পুলিশ হতো। কিন্তু গত ২ বছরে একটি রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো মামলা করেনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক, অস্ত্র ও সোনা চোরাকারবার বন্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই। জুলাই সনদ অনুযায়ী সার্বিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে।

এর আগে, তিনি সাতক্ষীরার বিচারকদের সাথে এক মতবিনিময় সভা করেন। বিচার বিভাগকে আরও গতিশীল করতে তিনি বিচারকদের শূন্য পদে দ্রুত নিয়োগ দান এবং মামলার জট কমানোর আশ্বাস দেন।

আইনশৃঙ্খলা, মাদক, দুর্নীতি তদারকি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কায়সার আজিজ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh