সব
স্বদেশ বিদেশ ডট কম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
একদল আওয়ামীপন্থি আইনজীবী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে জড়ো হয়ে এই প্রতিবাদ জানান।
এ সময় সম্মিলিত কোনো স্লোগান দিতে শোনা না গেলেও কয়েকজন আইনজীবীকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে শোনা যায়।
প্রতিবাদকারী আইনজীবী শেখ গোলাম কিবরিয়া গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রতিবাদ জানাতেই তারা সেখানে জড়ো হয়েছিলেন। আজকে আইসিটি ট্রাইব্যুনালের যে রায় হয়েছে, সেই রায়ের প্রতিবাদস্বরূপ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দকে যে ফাঁসির অর্ডার করেছে, এটার প্রতিবাদস্বরূপ আমরা সবাই জড়ো হয়েছিলাম। রায়টা প্রত্যাখ্যান করে আমরা প্রতিবাদ জানিয়েছি। তাৎক্ষণিক একটা প্রতিবাদ জানিয়েছি।
ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে গোলাম কিবরিয়া বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে এই মিথ্যা মামলায় প্রহসনের রায় দিয়েছে, যেটা আমরা প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি।
এদিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সাত আসামির প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ ছিল। বিভিন্ন অভিযোগে তাদের মৃত্যুদণ্ড ও আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সূত্র: বিডি নিউজ