হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ


দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চারজন, সিলেট বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। সরকারি হিসাবে তখন থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় ছয় মাসে প্রাণ হারিয়েছে এক হাজার ৩৬ জন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪২৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৬২ জন।

এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭১, বরিশালে ৫৭, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২৩৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে এক হাজার ১৬২ জন।

ঢাকা বিভাগে ৩৬৭ জন, চট্টগ্রামে ২৬৬, সিলেটে ১৯৩, বরিশালে ১০৯, খুলনায় ৯৮, ময়মনসিংহে ৮১, রাজশাহীতে ২৯ ও রংপুরে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে গেছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জন। তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন ভর্তি হয়েছে। আর ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে।

এই সময়ে নমুনা পরীক্ষায় ২০ হাজার ২০১ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা করা হয় না। ফলে নমুনা পরীক্ষায় শনাক্তের তথ্য দিয়ে হামের বিস্তারের প্রকৃত চিত্র বোঝা যায় না।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh