সব
স্বদেশ বিদেশ ডট কম
যুক্তরাজ্য প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের মৌলভীবাজার জেলা শাখার সদস্য এবং সদর উপজেলার দজবালী গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
সংগঠনের পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেন এমবিই, পৃষ্ঠপোষক ও জ্যেষ্ঠ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, সাবেক চেয়ারপারসন ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, চিফ কো-অর্ডিনেটর আলহাজ্ব মসুদ আহমদ, সাবেক সদস্যসচিব ড. মুজিবুর রহমান, কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক এম আসরাফ মিয়া, কোষাধ্যক্ষ মিসেস হেলেন ইসলাম, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্যসচিব তাজুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয়, ১০টি রিজিওনাল ও আটটি শাখা কমিটির নেতৃবৃন্দ যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা মহান আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
শোকবার্তায় উল্লেখ করা হয়, বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সম্মুখসমরে অংশগ্রহণ করেন। দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া এই সাহসী সন্তান স্বাধীনতার পরও একজন দক্ষ সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর সাহসিকতা, আত্মত্যাগ ও দেশপ্রেম জাতির স্মৃতিতে চিরজাগরূক থাকবে।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মকিস মনসুর শোকবার্তায় বলেন, কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেলেও তাঁদের স্মৃতি মানুষের হৃদয়ে গভীরভাবে থেকে যায়। আনছার আলী ভাই ছিলেন তেমনই একজন মানুষ। তাঁর অনুপস্থিতি প্রতিদিনের চেনা শহর ও পরিচিত মানুষের মাঝে অনুভূত হবে।
তিনি আরও বলেন, শেখ আনছার আলী ছিলেন সদা হাস্যোজ্জ্বল, সহজ-সরল, সাদামাটা, পরোপকারী ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন মানুষ। মানুষের বিপদে-আপদে তিনি সবার আগে পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তাঁর মৃত্যুতে মৌলভীবাজার তথা সিলেট বিভাগের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী গত সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেটের নুরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার দজবালী কবিরাজী গ্রামে তাঁর নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিকে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই সাহসী বীরের মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।