বিনিয়োগ বাড়াতে জেবিআইসি গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১:০৮ অপরাহ্ণ


জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত বাংলাদেশের জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং মেগা অবকাঠামো খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়গুলো প্রাধান্য পায়।

বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে ধারাবাহিক বিনিয়োগ ও সহযোগিতার জন্য বৈঠকে জেবিআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকার এরই মধ্যে নানামুখী সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিধিবিধানগুলো সহজীকরণে তাঁর সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জেবিআইসি গভর্নরকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে বাংলাদেশে জেবিআইসির একটি স্থানীয় কার্যালয় খোলার আনুষ্ঠানিক অনুরোধ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো জানান, তাঁরা এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh