সব
প্রেস বিজ্ঞপ্তি,
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, দ্বৈত নাগরিকত্বধারী বাংলাদেশিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং দেশে-বিদেশে প্রবাসীদের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবি নিয়ে ঢাকায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক ও সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি জাজ মোহাম্মদ বেলায়েত হোসাইন।
গত ৩১ অক্টোবর শনিবার ঢাকায় আইনমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরেন। এ সময় নবগঠিত সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কেও মন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে জাজ বেলায়েত হোসাইনের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ব্যারিস্টার নজরুল ইসলাম, ব্যারিস্টার বেলায়েত হোসেইন এবং সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ড. এডিএম ইউনুস প্রমুখ।
অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত পৃথক বৈঠকে জাজ বেলায়েত হোসাইনের সঙ্গে ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এডিএম ইউনুস।
এ ছাড়া সফরকালে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি।
সাক্ষাৎকালে জাজ বেলায়েত হোসাইন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি স্থায়ী ও অস্থায়ীভাবে বসবাস ও কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। পাশাপাশি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও মানবাধিকার সুরক্ষার আন্দোলনেও প্রবাসীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। প্রত্যেক প্রবাসীই বসবাসের দেশে বাংলাদেশের একজন প্রতিনিধি বা রাষ্ট্রদূতের মতো ভূমিকা পালন করেন বলেও মন্তব্য করেন তিনি।
প্রবাসীদের বিভিন্ন ধরনের হয়রানির বিষয় তুলে ধরে তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও প্রবাসীরা তাঁদের প্রাপ্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত হন। বিভিন্ন জায়গায় অবহেলা ও হয়রানির শিকার হতে হয় তাঁদের। বিশেষ করে বাংলাদেশের বিমানবন্দরে হয়রানি, বিদেশে বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট থেকে সেবা পেতে ভোগান্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জাজ বেলায়েত হোসাইন বলেন, রাষ্ট্র প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স নিয়ে গর্ব করলেও তাঁদের মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। বর্তমান সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা অনেক। দেশের সম্পদ ও স্বজনদের রেখে জীবিকার প্রয়োজনে বিদেশে যাওয়া অনেক প্রবাসী দেশে ফিরে নিজেদের সম্পদ বেহাত হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হন। প্রবাসীদের সম্পদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের দ্রুত ভোটার তালিকাভুক্ত করে নিজ নিজ অবস্থান থেকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্বধারী প্রবাসী বাংলাদেশিদেরও নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তাঁর দাবি, দ্বৈত নাগরিকত্বের কারণে ভোটাধিকার প্রয়োগ বা নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে অযথা বাধা থাকা উচিত নয়।
এ প্রসঙ্গে তিনি কানাডা ও ফ্রান্সের উদাহরণ তুলে ধরে বলেন, বিভিন্ন দেশে দ্বৈত নাগরিকত্বধারীরাও নির্বাচনে অংশগ্রহণ এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান। অথচ বাংলাদেশের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও অংশগ্রহণের ক্ষেত্রে প্রবাসীদের বিভিন্ন আইনি ও প্রশাসনিক জটিলতার মুখোমুখি হতে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে প্রবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন, বিমানবন্দরে তাঁদের নাগরিক অধিকার নিশ্চিত করা, দূতাবাস ও হাইকমিশনের সেবার মান বাড়ানো এবং প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রীদ্বয় ও সংসদ সদস্যরা মনোযোগ দিয়ে জাজ বেলায়েত হোসাইনের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন। ব্যস্ততার মধ্যেও সাক্ষাতের সুযোগ ও আন্তরিক আতিথেয়তার জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং তাঁদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে সম্প্রতি লন্ডনে গঠিত হয়েছে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’। সংগঠনটির সভাপতি জাজ মোহাম্মদ বেলায়েত হোসাইন বর্তমানে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি সরকারের নীতিনির্ধারক ও জনপ্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে প্রবাসীদের বিভিন্ন দাবি তুলে ধরছেন।