গৌরবের যাত্রায় ১৭ বছরে ব্রিটিশ বাংলাদেশি হুজহু

লন্ডন প্রতিনিধি,

  • প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ

১৭ নভেম্বর মেরিডিয়ান গ্র্যান্ডে প্রকাশনা, অ্যাওয়ার্ডস প্রদান ও গালা ডিনার

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির কৃতিত্ব, অবদান ও অনুপ্রেরণামূলক সাফল্যকে স্বীকৃতি জানাতে ১৭ বছরে পদার্পণ করেছে বহুল পরিচিত প্রকাশনা ‘ব্রিটিশ বাংলাদেশি হুজহু’। এ উপলক্ষে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার লন্ডনের মর্যাদাপূর্ণ মেরিডিয়ান গ্র্যান্ডে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের প্রকাশনা উন্মোচন, অ্যাওয়ার্ডস প্রদান ও জমকালো গালা ডিনার।

বুধবার (৪ নভেম্বর) পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারের সেমিনার রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলা মিরর গ্রুপের পক্ষ থেকে ২০২৬ সালের নতুন সংস্করণ প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আসন্ন আয়োজনের বিভিন্ন দিক ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয়।

২০০৮ সালে যাত্রা শুরু করা ব্রিটিশ বাংলাদেশি হুজহু দীর্ঘ ১৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য, অবদান ও অনুপ্রেরণামূলক জীবনগাথা তুলে ধরছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, পেশাজীবী ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পরিচিতি ও অর্জন এই প্রকাশনায় স্থান পেয়ে আসছে।

প্রকাশনাটির প্রতিষ্ঠাতা আব্দুল করিম গনি বলেন, “হুজহু প্রকাশনার ধারাবাহিকতা এবং অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানটি এখন ব্রিটিশ বাংলাদেশিদের বার্ষিক ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে স্থান করে নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে কমিউনিটির সফল ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ বছর আমরা প্রকাশনা ও গালা ডিনারের ১৭তম বছর উদযাপন করছি।”

প্রকাশনার দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে তিনি বলেন, “খুব সাধারণভাবে যাত্রা শুরু হলেও আজ এটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষকে নিয়ে একটি সর্বজনীন উদযাপনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমাদের কমিউনিটিতে অনেক প্রকৃত প্রতিভা ও গুণী মানুষ রয়েছেন। তাঁদের সাফল্য ও অবদান তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “এই প্রকাশনায় জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা নানা শ্রেণি-পেশার মানুষের পরিচিতি তুলে ধরা হয়েছে। তাঁদের সাফল্যের মধ্য দিয়ে আমাদের অনন্য কমিউনিটির অর্জনের ব্যাপকতা প্রতিফলিত হয়েছে। আশা করি, পাঠকরা এবারের সংস্করণটিও সাদরে গ্রহণ করবেন।”

ব্রিটিশ বাংলাদেশি হুজহু-এর নির্বাহী সম্পাদক সুহানা আহমেদ বলেন, “এ বছর আমরা এই গুরুত্বপূর্ণ প্রকাশনার ১৭তম বছর উদযাপন করছি। প্রকাশনাটি দিন দিন আরও সমৃদ্ধ ও সফল হয়ে উঠছে। ষোলো বছর পেরিয়েও আমাদের কমিউনিটির নতুন নতুন প্রতিভা ও সফল মানুষকে খুঁজে বের করতে পারছি, যা সত্যিই আনন্দের ও বিস্ময়কর। আশা করি, পাঠকরা এবারের প্রকাশনাটিও সাদরে গ্রহণ করবেন এবং অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সাফল্যের গল্প জানতে পারবেন।”

তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যের অন্যান্য দক্ষিণ এশীয় কমিউনিটির তুলনায় সংখ্যায় অপেক্ষাকৃত ছোট হলেও ব্রিটিশ বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, শিল্প, পেশাজীবী খাত এবং ঐতিহ্যবাহী কারি শিল্পে তাঁদের সাফল্য উল্লেখযোগ্য। এসব অর্জন যথাযথভাবে তুলে ধরতে ব্রিটিশ বাংলাদেশি হুজহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বছরের পর বছর এই প্রকাশনা ও বার্ষিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বিভিন্ন বারা কাউন্সিলের মেয়র, স্পিকার ও কাউন্সিলর, রাজনীতিবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করে আসছেন। এবারের আয়োজনেও যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট অতিথি, সেলিব্রিটি ও কমিউনিটির প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। নতুন মুখ ও উদীয়মান প্রতিভাদের পাশাপাশি থাকছে বেশ কয়েকটি আকর্ষণীয় ও বহুল প্রত্যাশিত সম্মাননা।

উল্লেখ্য, ব্রিটিশ বাংলাদেশি হুজহু অতীতেও বিভিন্ন মহল থেকে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকেও প্রতিষ্ঠানটির কার্যক্রমের স্বীকৃতি দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিতি

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও কমিউনিটি নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সৈয়দ নাহাস পাশা, ড. জাকি রেজওয়ানা আনোয়ার, তাজ চৌধুরী, মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল,, এনাম চৌধুরী, হাফসা নুর, রাজিব হাসান, মোস্তাক বাবুল, রহমত আলী, অধ্যক্ষ শাহেদ রাহমান, আয়শা চৌধুরী, কাউন্সিলর সৈয়দা চৌধুরী, নিকিতা মালানচান্দানি, মেরিডিয়ান গ্র্যান্ডের পরিচালক, জায়মাহ ট্রাস্টি মিস ইমেন বাহা, এনার্জি সলিউশনের বদরুল আই সিদ্দিকী, এসিসি টেক্স কনসালটেন্সির প্রতিষ্ঠাতা তপন সাহা, স্কয়ার মাইল ইন্স্যুরেন্স সার্ভিসেসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জান নাইটস, ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ম্যানেজার ডেভিড রয়স্টন এবং সালাম প্যালেসের স্বত্বাধিকারী আবদুস সালাম শেখ।

ব্রিটিশ বাংলাদেশি হুজহু-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহাদ আহমেদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, ব্যারিস্টার নাদিয়া আলী, মোহাম্মদ আলী, ফারুক মিয়া এমবিই, হাফসা নূর ও শিহাব হুসেনসহ অন্যরা।

সহযোগী ও স্পন্সর প্রতিষ্ঠান

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬ সালের প্রকাশনা ও অ্যাওয়ার্ডস গালা ডিনার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনের মেইন পার্টনার মেরিডিয়ান গ্র্যান্ড। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছে পার্ল অ্যাডভার্টাইজিং।

গালা ডিনারের অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস টিভি, জি১০ ডিজাইন অ্যান্ড প্রিন্টার্স এবং অ্যামেজ মিডিয়া। এবারের আয়োজনের একমাত্র অফিসিয়াল চ্যারিটি পার্টনার হিসেবে নির্বাচিত হয়েছে জায়মাহ।

অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হট টাব স্টোরস ইউকে, স্কয়ার মাইল ইন্স্যুরেন্স সার্ভিসেস, এসিসি টেক্স কনসালটেন্সি, এনার্জি সলিউশন, অ্যাপেক্স অ্যাকাউন্টেন্সি, ব্রিট বাজার, মিডনাইট গার্ডেন ও সালাম প্যালেস।

এ ছাড়া প্রকাশনার বিজ্ঞাপনদাতা ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ক পারমিট ক্লাউড, ভ্যানটেজ অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট, এম কিউ হাসান সলিসিটরস, মোর্তজা গ্রুপ, টাফস ফার্মেসি, প্রাইম এস্টেট এজেন্ট, এমএফজি এসো বিম সার্ভিস স্টেশন, কালাম সলিসিটরস, এম নাসির উদ্দিন অ্যান্ড পার্টনার্স, কিংডম সলিসিটরস, ইউরেশিয়া ফুড সার্ভিস, খুশিয়ারা ট্রাভেলস, মুকিম আহমেদ ও কারি লিফ।

পরিশেষে, বাংলা মিরর গ্রুপের পক্ষ থেকে প্রকাশনা ও বার্ষিক অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানকে সফল করতে সহযোগিতাকারী সব প্রতিষ্ঠান, ব্যবসায়ী, বিজ্ঞাপনদাতা, স্পন্সর ও ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh