সব
স্বদেশ বিদেশ ডট কম
ঢাকার হাজারীবাগে ৬০ বছর বয়সী এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম রওশন আরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।
নিহত রওশন আরা হাজারীবাগ বেরিবাদ কালু নগর ময়লার ডিপু এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের স্ত্রী। তার বাবার নাম মৃত খোদাবক্স।
রওশন আরার মেয়ে রুনা আক্তার গণমাধ্যমকে বলেন, ‘জমিজমা নিয়ে স্থানীয় আরেক পক্ষের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে কিছুদিন আগে আমাদের বাড়ির বৈদ্যুতিক তার কেটে দেওয়া হয়। গতকাল রাতে আব্দুর রহিম, রাকিব, আব্দুর রহমানসহ ৫-৬ জন আমার মাকে পাইপ, লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।’
হাজারীবাগ থানার এসআই আব্দুল হাই গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।’ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সূত্র: বিডিনিউজ