বিপ্লবের জন্য শক্তিশালী সংগঠন অপরিহার্য: মির্জা ফখরুল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিপ্লব তখনই সফল হয়, যখন শক্তিশালী সংগঠন থাকে। আজ যারা সমাজ বদলাতে চান বা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদের অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলা একাডেমির মিলনায়তনে প্রখ্যাত বামপন্থি চিন্তাবিদ কমরেড বদরুদ্দীন উমরের শোকসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আলোচনা সভায় একটা বিষয় স্পষ্টভাবে উঠে এসেছে, তা হলো সংগঠন। বিপ্লব তখনই বাস্তবায়িত হয়, যখন পেছনে একটি শক্তিশালী সংগঠন থাকে। বিপ্লবের জন্য শক্তিশালী সংগঠন অপরিহার্য। বর্তমান সমাজে যে হতাশা দেখা দিয়েছে, তার মূল কারণ সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন ছাড়া বিপ্লব সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আজ যারা বিপ্লব করতে চান, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন, তাদের সেই সংগঠনকে আরও মজবুত করতে হবে। একেবারে বদরুদ্দীন উমরের ভাষায়, মানুষের কাছে যেতে হবে। তাহলেই পরিবর্তন আসবে।”

বিএনপি মহাসচিব প্রয়াত বদরুদ্দীন উমরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব বেশি মেলামেশার সুযোগ হয়নি। তবে একবার উপদেষ্টা আবরার সাহেবের বাসায় দীর্ঘক্ষণ আলাপ হয়েছিল। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার আদর্শ ও সংগ্রামের সঙ্গে কোনো আপস করেননি। আমরা যারা আজ রাজনীতি করছি, তার আদর্শ ও আপসহীন সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

উল্লেখ্য, কমরেড বদরুদ্দীন উমর ছিলেন বাংলাদেশের বামপন্থি রাজনীতির অন্যতম তাত্ত্বিক নেতা, লেখক ও চিন্তাবিদ। সমাজ পরিবর্তন ও গণমানুষের মুক্তির প্রশ্নে তিনি সবসময় আপসহীন অবস্থান নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে দেশের প্রগতিশীল রাজনীতির অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।

শোকসভায় আরও বক্তব্য দেন মাহবুবউল্লাহ, কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, ড. আকমল হোসেন, কমরেড সজীব রায়, অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh