বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ

সরকার পরিচালনায় সহযোগিতার জন্য সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকের আগে নিজের কার্যালয়ে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এ সময় অন্তর্বর্তী সরকার গঠনের সময় নির্ধারিত লক্ষ্যগুলোর বেশিরভাগই অর্জিত হয়েছে এবং বাকি অসম্পূর্ণ কাজগুলো পরবর্তী সরকার এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

পরিচয় না প্রকাশের শর্তে এক সচিব জানান, ‘মূলত সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাতেই এই বৈঠক আয়োজন করা হয়।’

আরেক সচিব প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমরা তিনটি বিষয়কে সামনে রেখে কাজ শুরু করেছিলাম—সংস্কার, বিচার ও নির্বাচন। নানা সংস্কারের পাশাপাশি আমরা আরও কিছু প্রস্তাব রেখে যাচ্ছি। আশা করি পরবর্তী সরকার সেগুলো বিবেচনায় নেবে।’

সূত্র জানায়, বৈঠকে প্রায় ৭০ জন সচিব উপস্থিত ছিলেন।

বৈঠকে সচিবদের পক্ষে শুধু মন্ত্রিপরিষদ সচিবই বক্তব্য দেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh